
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিজেদের ‘মুক্তিযুদ্ধের দল’ হিসেবে দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আজহারুল ইসলাম বলেন, বিএনপি দাবি করে তারা মুক্তিযুদ্ধের দল। অথচ দলটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর, আর মুক্তিযুদ্ধ হয়েছে ১৯৭১ সালে। তাহলে বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে—সেই প্রশ্ন তিনি তোলেন।
তিনি আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এবং তাদের নারী নেত্রীরা রাজপথে আন্দোলন করেছেন। কিন্তু সংরক্ষিত নারী আসনে গোপালগঞ্জের কাশিয়ানী থানা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদককে মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এটি কি দলের সাংগঠনিক দুর্বলতা, নাকি অন্য কোনো শক্তিকে সন্তুষ্ট করার চেষ্টা—এর জবাব বিএনপিকেই দিতে হবে।
এছাড়া ‘জান্নাতের টিকিট বিক্রি’ প্রসঙ্গ টেনে তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়। তবে তারা জান্নাতে যেতে চান এবং তাদের আন্দোলনও সে লক্ষ্যেই পরিচালিত বলে মন্তব্য করেন।











































