
সংগৃহীত ছবি
গণভোটের স্পষ্ট রায় থাকা সত্ত্বেও সরকার তা অস্বীকার করছে—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
শনিবার (২ মে) বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোট অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন সরকারের দায়িত্ব থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি।
আখতার হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রায় ৭০ শতাংশ জনগণ গণভোটের পক্ষে মত দেওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ঐকমত্য তৈরি হয়েছিল। সে অনুযায়ী দ্রুত সংস্কার কার্যকর হওয়ার প্রত্যাশা ছিল।
তিনি অভিযোগ করেন, সরকার গঠনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সেই অবস্থান থেকে সরে এসেছে। গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে সেটিকে কখনো ‘প্রতারণার দলিল’ আবার কখনো ‘অসাংবিধানিক’ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে।
সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের জন্য একটি উচ্চতর প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, সেই প্রয়োজন থেকেই সংবিধান সংস্কার পরিষদের ধারণা এসেছে, যা আগে কোনো রাজনৈতিক দলই প্রত্যাখ্যান করেনি।













































