সোমবার । মে ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২ মে ২০২৬, ২:২৬ অপরাহ্ন
শেয়ার

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


Ban VS New

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ও চূড়ান্ত লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে আছে লিটন দাসের দল। ফলে আজকের ম্যাচে জয় পেলেই কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। অন্যদিকে সিরিজ সমতায় শেষ করতে মরিয়া সফরকারী নিউজিল্যান্ড।

শনিবার দুপুর ২টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। বাংলাদেশ দলের জন্য এই ম্যাচটি ইতিহাসের পাতায় নাম লেখানোর এক বড় সুযোগ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো এক সফরে একাধিক সিরিজ জেতার রেকর্ড নেই লাল-সবুজ প্রতিনিধিদের। কিউইদের এবারের সফরে ইতিমধ্যেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ, আজ জয় পেলে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরের দুটি সিরিজ জয়ের অনন্য কীর্তি গড়বেন লিটন-তাওহীদরা।

সিরিজ নির্ধারণী এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আনা হয়েছে। তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে বিশ্রাম দিয়ে দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ মোহাম্মদ সাইফউদ্দিনকে। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের একাদশে জোড়া পরিবর্তন এনেছে। ম্যাথিউ ফিশার ও বেন লিস্টারকে বিশ্রাম দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে জেইডন লেনক্স ও বেন সিয়ার্সকে।

বাংলাদেশ একাদশে রয়েছেন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, রিশাদ হোসেন, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফ উদ্দিন, রিপন মন্ডল ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশে রয়েছেন, নিক কেলি (অধিনায়ক), ক্যাটেন ক্লার্ক, টিম রবিনসন, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেইডন লেনক্স ও বেন সিয়ার্স।