
দশ বছর কেরালায় ক্ষমতার বাইরে থাকার পর আবারও রাজ্য ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস
কেরালা বিধানসভা নির্বাচনের ভোট গণনায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৪০ আসনের বিধানসভায় ১০১টি আসনে এগিয়ে আছে কংগ্রেস জোট। অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ) ৩৪ টি আসনে জিততে পারে। ফলে ইউডিএফ-এর জয়লাভ অনেকটা সময়ের ব্যাপার মাত্র।
গেলো দশ বছর রাজ্যটির ক্ষমতায় ছিল পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ সরকার।
যদি কেরালায় বামেদের এলডিএফ জোটের পরাজয় ঘটে তাহলে এবারই প্রথমবারের মতো বামপন্থীরা ভারতের কোনো রাজ্যে আর ক্ষমতায় থাকবে না।
অন্যদিকে দশ বছর কেরালায় ক্ষমতার বাইরে থাকার পর আবারও রাজ্য ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস। দক্ষিণের এই রাজ্যটিতে কংগ্রেসের অবস্থান বরাবরই শক্তিশালী।
৯ এপ্রিল রাজ্যটির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের শাসনের পর এলডিএফ সরকারের প্রতি জনমনে ক্লান্তি এবং মূল্যস্ফীতি, বেকারত্ব ও স্থানীয় ইস্যুগুলো ভোটে প্রভাব ফেলেছে। অন্যদিকে, ইউডিএফ নির্বাচনী প্রচারে পরিবর্তনের বার্তা এবং স্থানীয় সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।







































