রবিবার । মে ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ৩ মে ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
শেয়ার

শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর


shapla-chattra

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে চালানো অভিযানে ৩২ জনকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই চাঞ্চল্যকর তথ্য জানান।

চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে এই গণহত্যার বিষয়ে তদন্ত পরিচালনা করছে। বর্তমানে তদন্তের প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই ট্রাইব্যুনালে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আমিনুল ইসলাম বলেন, এই মামলায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামির সংখ্যা ২০ থেকে ২৫ জনের মতো হতে পারে। তবে তদন্তের স্বার্থে এখনই সব আসামির নাম প্রকাশ করা হচ্ছে না।

এর আগে, শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আইসিটি ট্রাইব্যুনালে হওয়া মামলায় শেখ হাসিনাসহ ৯ জনকে প্রাথমিকভাবে আসামি করা হয়েছিল। আসামিদের মধ্যে চারজন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বরখাস্তকৃত মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম।

মামলায় শেখ হাসিনা ছাড়াও পলাতক থাকা অন্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর বিচারিক প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইন বিশেষজ্ঞরা।