রবিবার । মে ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ মে ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
শেয়ার

মে মাসে ঘূর্ণিঝড় ও তাপপ্রবাহের আভাস


Abohawa office

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত এপ্রিল মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৭৫ দশমিক ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, যা ছিল অস্বাভাবিক প্রবণতা।

রোববার প্রকাশিত মে মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, মে মাসে ৫ থেকে ৮ দিন বৃষ্টি হতে পারে, যার মধ্যে কয়েক দিন কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশে এক থেকে তিনটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকলেও ভারি বৃষ্টির কারণে কিছু অঞ্চলে পানি বৃদ্ধি পেতে পারে।

পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল মাসে স্বাভাবিক ১১৯ মিলিমিটার বৃষ্টিপাতের বিপরীতে দেশে হয়েছে ১৯৬ মিলিমিটার। সিলেট, ঢাকা, চট্টগ্রামসহ অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, এ বছরের এপ্রিল মাসে বৃষ্টিপাতের ধরণ ছিল ব্যতিক্রম, কারণ সাধারণত এ সময়ে উজানে বেশি বৃষ্টি হলেও এবার বাংলাদেশের ভাটির এলাকায় তুলনামূলক বেশি বৃষ্টিপাত হয়েছে।