
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের সময় তিনি জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি। রোববার (৩ মে) রাতে বঙ্গভবনে ডিসি সম্মেলনে আগত কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, আগের সরকার রাষ্ট্রপতিকে এ সুযোগ থেকে বঞ্চিত করলেও বর্তমান নির্বাচিত সরকার সেই প্রথা পুনরায় চালু করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ অপশাসনের পর জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে। তাই স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন গড়ে তুলে সরকারি নীতি ও প্রকল্প বাস্তবায়নে ডিসিদের আরও দায়িত্বশীল হতে হবে। জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে সরকারি সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করায় জেলা প্রশাসকদের প্রশংসা করেন রাষ্ট্রপতি। পাশাপাশি মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় বাজার মনিটরিং জোরদার এবং অবৈধ মজুদদারি রোধে কঠোর হওয়ার নির্দেশ দেন।
দুর্নীতিকে উন্নয়নের প্রধান বাধা উল্লেখ করে মাঠ প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
ভাষণের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ জাতীয় নেতাদের অবদান স্মরণ করেন। এছাড়া ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদদেরও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।








































