
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি ‘ই-৩ সেন্ট্রি’ উড়োজাহাজ।
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ চলাচল হঠাৎ করেই উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে ‘ফ্লাইটরাডার২৪’। শনিবার ইউরোপের বিভিন্ন ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের দিকে অস্বাভাবিক সংখ্যক মার্কিন সামরিক বিমান উড্ডয়ন করতে দেখা গেছে।
পর্যবেক্ষণে দেখা যায়, পাঠানো উড়োজাহাজগুলোর বড় অংশই ভারী পরিবহন ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান। বিশেষ করে সি-১৭এ গ্লোবমাস্টার–৩ মডেলের অন্তত ১২টি কার্গো বিমান ইউরোপ থেকে রওনা দিয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা। প্রতিটি বিমান প্রায় ৭৭ টন সরঞ্জাম ও শতাধিক সেনা বহনে সক্ষম।
এছাড়া কেসি-১৩৫ স্ট্র্যাটো ট্যাঙ্কার মডেলের জ্বালানি সরবরাহকারী বিমানও ইসরায়েলসহ আশপাশের আকাশে সক্রিয় রয়েছে, যা দীর্ঘ সময় ধরে যুদ্ধবিমান পরিচালনার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের তৎপরতা বড় ধরনের সামরিক প্রস্তুতি বা ঘাঁটি শক্তিশালী করার অংশ হতে পারে। ইরান-ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ নতুন সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে।
পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক মোতায়েন, যা আন্তর্জাতিক রাজনীতি ও জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে।










































