
ফাইল ছবি
রাজধানী ঢাকাসহ দেশের ১৫টি জেলায় আজ রোববার (৩ মে) রাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক বিশেষ পূর্বাভাসে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রাতের মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র বেগে ঝড় বয়ে যেতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার সাথে থাকবে বজ্রসহ বৃষ্টি।
ঝড়ের আশঙ্কায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মধ্যরাত পর্যন্ত নৌযান চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া আগামীকাল সোমবার (৪ মে) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনো কোনো এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।









































