রবিবার । মে ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩ মে ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
শেয়ার

সংসদ সদস্য হিসেবে নুসরাতের গেজেট প্রকাশ ঠেকাতে মনিরার আবেদন


Nusrat-Monira

এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম ও মনিরা শারমিন।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমকে গেজেট আকারে প্রকাশ না করার আবেদন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরা শারমিন।

রোববার (৩ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, তার দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা হলে তিনি অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারেন।

মনিরা শারমিন জানান, দলীয় মনোনয়ন পাওয়ার পর তার মনোনয়নপত্র বাতিল হয় এবং আপিলও খারিজ করা হয়। পরে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন, যার শুনানি নির্ধারিত রয়েছে ৪ মে। তাই আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত বলে দাবি তার।

অন্যদিকে, নুসরাত তাবাসসুমের মনোনয়ন প্রথমে বাতিল হলেও আদালতের নির্দেশে তা বৈধ ঘোষণা করা হয় এবং তাকে প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আদালতের রায়ের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। রিটের পক্ষে রায় এলে সংশ্লিষ্ট আসনে ভোটগ্রহণ হতে পারে, আর খারিজ হলে তাবাসসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত হবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও এই একটি আসন নিয়ে এখনো আইনি জটিলতা রয়ে গেছে।