রবিবার । মে ৩, ২০২৬
ইন্টারন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক ৩ মে ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শেয়ার

ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র


Arms USA

প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয় এবং এটি মার্কিন সামরিক বাহিনীর অন্যতম উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জাম হিসেবে বিবেচিত

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তার মিত্র দেশগুলোর কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে। ইরানের সঙ্গে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এসেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে দেশটির সংসদের পূর্বানুমোদন ছাড়াই দ্রুত এই অস্ত্র হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি দেন।

ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর ওপর একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এতে তাদের মার্কিন অস্ত্রের মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে।

নতুন অনুমোদিত চুক্তির মধ্যে রয়েছে ইসরায়েলের জন্য প্রায় ৯৯২ মিলিয়ন ডলারের উন্নত প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহ। এছাড়া কুয়েত ২.৫ বিলিয়ন ডলারে ব্যাটল কমান্ড সিস্টেম কেনার অনুমোদন পেয়েছে।

কাতার প্রায় ৫ বিলিয়ন ডলারে প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম কেনা এবং তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় মজুত করার অনুমোদন পেয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতকে ১৪৮ মিলিয়ন ডলারের প্রিসিশন কিল ওয়েপন সিস্টেম কেনার ছাড়পত্র দেওয়া হয়েছে।

শুক্রবার একাধিক ঘোষণায় মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে জরুরি প্রয়োজন’ উল্লেখ করে তারা এই বিক্রির জন্য বিস্তারিত যুক্তি উপস্থাপন করেছে। প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত হয় এবং এটি মার্কিন সামরিক বাহিনীর অন্যতম উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জাম হিসেবে বিবেচিত।