শনিবার । মে ২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ২ মে ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
শেয়ার

পুরোদমে ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ ঢাকা-দিল্লির


 

BD-India

ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রমে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে

প্রায় দেড় বছর ধরে টানাপড়েনের পর অবশেষে স্বাভাবিক হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক—ভিসা কার্যক্রম। উভয় দেশই এখন পূর্ণমাত্রায় ভিসা সেবা চালুর পথে এগোচ্ছে।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে সব ধরনের ভিসা প্রদান শুরু করেছে। অন্যদিকে ভারতও আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রমে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি নয়াদিল্লি সফরে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়টিকে অগ্রাধিকার দেন।

বর্তমানে নয়াদিল্লি, কলকাতা, আগরতলা এবং চেন্নাইসহ বাংলাদেশের সব ভিসা কেন্দ্র চালু রয়েছে। ফলে দ্রুত পূর্ণাঙ্গ সেবা চালুর জন্য ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপের অপেক্ষায় রয়েছে ঢাকা।

এদিকে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, গত বছরের ডিসেম্বরে ভারতের কিছু ভিসা কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করা হলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে তা আবার চালু করা হয়।

কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দায়িত্ব গ্রহণের পর ভিসা সেবা পুরোপুরি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সব মিলিয়ে, দুই দেশের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক জোরদারে ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।