
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেল পৌনে ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে হাজারো শিশু-কিশোরের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হন।
আশির দশকের জনপ্রিয় মেধা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’র অনুপ্রেরণায় এবার ক্রীড়াক্ষেত্রে দক্ষ খেলোয়াড় তৈরিতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করার লক্ষ্যেই এই প্রতিযোগিতার সূচনা হয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এই আয়োজনের মাধ্যমে মূলত ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা যাচাই করা হবে।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট ৮টি ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মাধ্যমে বাছাইকৃত খুদে ক্রীড়াবিদদের রাষ্ট্রীয়ভাবে বিকাশের সুযোগ করে দেওয়া হবে।









































