শনিবার । মে ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ২ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শেয়ার

প্রথম ডিসি সম্মেলন শুরু রোববার, আলোচনায় ৪৯৮ প্রস্তাব


Bangladesh-Government

ফাইল ছবি

আগামী রোববার (৩ মে) থেকে রাজধানীতে শুরু হচ্ছে চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এই সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের অধীনে এটিই প্রথম ডিসি সম্মেলন, যা মাঠপর্যায়ের প্রশাসনিক গতিশীলতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

রোববার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেবেন। চার দিনের এই সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে।

মাঠপর্যায়ের নীতিনির্ধারণ ও প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে সারা দেশ থেকে আসা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের পাঠানো ১ হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্য থেকে বাছাইকৃত ৪৯৮টি প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকারের নীতিনির্ধারকেরা।

সম্মেলনের সূচি অনুযায়ী, প্রথম দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ স্বাস্থ্য, শিক্ষা এবং আইন মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। দিন শেষে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অধিবেশন এবং জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে মতবিনিময় করবেন ডিসিরা। তৃতীয় দিনে বিদ্যুৎ, জ্বালানি ও সশস্ত্র বাহিনী বিভাগ নিয়ে আলোচনার পাশাপাশি প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও নির্বাচন কমিশন সংক্রান্ত অধিবেশন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য জরুরি বিষয়ে আলোচনা হবে। ওই দিন রাতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সভা ও নৈশভোজের মাধ্যমে এই চার দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটবে।

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই সম্মেলনকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক তদারকি জোরদারের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।