শুক্রবার । মে ১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শেয়ার

সাতসকালে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতার কবলে রাজধানীর বিভিন্ন সড়ক


সাতসকালে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতার কবলে রাজধানীর বিভিন্ন সড়কে

মুষলধারে বৃষ্টিতে ভিজে যায় রাজধানী ঢাকা

সূর্যের আলো ফোটার আগেই হঠাৎ মুষলধারে বৃষ্টিতে ভিজে যায় রাজধানী ঢাকার বিভিন্ন স্থান। কোথাও হালকা, কোথাও আবার মুষলধারে। সাপ্তাহিক ছুটির দিনের এই বৃষ্টিতে একদিকে কিছুটা স্বস্তি ফিরলেও, বাইরে বের হওয়া মানুষের জন্য তা হয়ে দাঁড়িয়েছে বড় ভোগান্তির কারণ।

শুক্রবার (১ মে) ভোরের এই বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

এ সময় ঢাকার আজিমপুর, পান্থপথ, গ্রিনরোড, কারওয়ান বাজার, ধানমন্ডির রবীন্দ্র সরোবর সংলগ্ন সড়ক, জিগাতলা, পশ্চিম তেজতুরী বাজার, পশ্চিম শ্যাওড়াপাড়া, মিরপুর-১০, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার ও হাতিরঝিলের মধুবাগ এলাকাসহ নানা স্থানে রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

আজ ছুটির দিন হওয়ায় সকালে রাস্তায় যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। ফলে ভোগান্তিও কিছুটা কমেছে। তবে সকাল ৮টার পরও অনেক সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। এতে জনদুর্ভোগ পুরোপুরি কমেনি।

একই চিত্র দেখা গেছে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায়। সকাল ৯টার দিকেও সড়কের বিভিন্ন অংশে পানি জমে থাকতে দেখা যায়। এতে ছোট যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে। রিকশাচালকরা বাড়তি ভাড়া দাবি করায় যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।

এছাড়াও তিলপাপাড়া ও খিলগাঁও রেলগেট সংলগ্ন এলাকায় পানি জমে থাকায় পথচারীদের পাশাপাশি যানবাহন চলাচলেও ধীরগতি দেখা যায়। অনেক মোটরসাইকেল আরোহীকে পানির কারণে বিকল্প পথ নিতে দেখা গেছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।