
সংগৃহীত ছবি
ইসরায়েলে ইরান ও লেবাননকে ঘিরে চলমান সংঘাতের অর্থনৈতিক প্রভাবে শ্রমবাজারে গভীর সংকট তৈরি হয়েছে। মার্চ মাসে দেশটির বিস্তৃত বেকারত্বের হার বেড়ে ১৬.২ শতাংশে পৌঁছেছে, যা করোনাকালীন লকডাউনের পর সর্বোচ্চ।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার মানুষ কর্মহীন বা কার্যত কাজের বাইরে রয়েছেন। যেখানে ২০২৩ সালের হামাস হামলার পর এই হার ছিল প্রায় ১০ শতাংশের কাছাকাছি, এমনকি ২০২৫ সালে ইরানের সঙ্গে স্বল্পমেয়াদি যুদ্ধকালেও পরিস্থিতি এতটা খারাপ হয়নি।
অর্থনীতিবিদদের মতে, এই সংকট শুধু প্রচলিত বেকারত্ব নয়; যুদ্ধজনিত কারণে সাময়িক ছুটি, চাকরি হারানো, ব্যবসা বন্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার মতো বিষয়গুলোও এতে যুক্ত হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে অর্থনৈতিক কারণে কর্মহীন মানুষের সংখ্যা ছিল প্রায় ২০ হাজার, যা মাত্র দুই মাসে বেড়ে মার্চে প্রায় ৬ লাখে দাঁড়িয়েছে। এতে বোঝা যাচ্ছে, সংঘাত সরাসরি অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের স্থবিরতা সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, নিরাপত্তা ব্যয় বৃদ্ধি, উৎপাদন ও সেবাখাতে ব্যাঘাত এবং ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ফলে অর্থনীতি বহুমুখী চাপে পড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও সংঘাত-সংশ্লিষ্ট খাতগুলোতে কর্মসংস্থানের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।
পর্যবেক্ষকদের আশঙ্কা, শ্রমবাজারের এই সংকট দেশটির সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে। দীর্ঘমেয়াদি সংঘাত অব্যাহত থাকলে মূল্যস্ফীতি ও সরকারি ব্যয় আরও বাড়বে, যার সবচেয়ে বড় চাপ পড়বে সাধারণ শ্রমজীবী মানুষের ওপর।
সূত্র: আল-জাজিরা










































