
হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ইসরায়েলি সেনা সার্জেন্ট লিয়েম বেন হামো || ছবি: সংগৃহীত
দখলদার ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বিস্ফোরকবাহী এ ড্রোনের আঘাতে এক ইসরায়েলি সেনা নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী
নিহত সেনার নাম সার্জেন্ট লিয়েম বেন হামো। ১৯ বছর বয়সী এ দখলদার গোলানি ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নের সদস্য এবং হার্জলিয়া শহরের বাসিন্দা ছিলেন।
একই দিনে হিজবুল্লাহর আরেকটি ড্রোন সীমান্তবর্তী একটি আর্টিলারি অবস্থানে আঘাত হানলে আরও ১২ জন সেনা আহত হন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে অন্তত ৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে।
সকালের মূল ঘটনায়, কান্তারা গ্রামে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে দুটি বিস্ফোরকবাহী ড্রোন পাঠায় হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, একটি ড্রোন প্রতিহত করা গেলেও অন্যটি সেনাদের কাছে আঘাত হানে। এতে সার্জেন্ট বেন হামো নিহত এবং অপর একজন সেনা আহত হন।
আহতদের সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি বাহিনী ওই এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
হিজবুল্লাহ এক বিবৃতিতে দাবি করেছে, তারা কান্তারায় দুটি ইসরায়েলি ট্যাংক ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে।
এর আগে সকালে লেবানন থেকে ছোড়া আরেকটি ড্রোন উত্তর ইসরায়েলের সীমান্তবর্তী শোমেরা এলাকায় একটি সামরিক কার্গো বাহনে আঘাত হানে। এতে আগুন ধরে যায় এবং কাছাকাছি থাকা আর্টিলারি শেল বিস্ফোরিত হয়। এম৫৪৮ (আইডিএফে ‘আলফা’ নামে পরিচিত) যানটি সাধারণত গোলাবারুদ পরিবহনে ব্যবহৃত হয়।
সাম্প্রতিক এই ঘটনাগুলো মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং পরিস্থিতি নতুন করে সংঘাতের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।









































