শুক্রবার । মে ১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ১ মে ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ট্রাম্প


iran-trump

ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে সব অনিশ্চয়তা দূর করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ভেন্যুতে ইরানের বিশ্বকাপ খেলতে কোনো আপত্তি নেই তাঁর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই অবস্থান ব্যক্ত করেন। খবর আলজাজিরার।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি ঘোষণা করেছিলেন যে ইরান টুর্নামেন্টে অংশ নেবে এবং তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে। এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, “যদি জিয়ান্নি বলে থাকে, তবে আমার কোনো আপত্তি নেই। ওদের খেলতে দিন।”

এর আগে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ৭৬তম ফিফা কংগ্রেসে জিয়ান্নি ইনফান্তিনো প্রতিনিধিদের সাফ জানিয়ে দেন, “ইরান অবশ্যই ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে এবং তারা যুক্তরাষ্ট্রেই খেলবে।” গত ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে বিশ্বকাপের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এমনকি ইরানি কর্মকর্তারা গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে আয়োজনের প্রস্তাব দিলেও ফিফা তা নাকচ করে দেয়।

এদিকে ফিফা কংগ্রেসকে কেন্দ্র করে ইরান ও কানাডার মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজসহ তিন কর্মকর্তা কানাডার ইমিগ্রেশন কর্মকর্তাদের দ্বারা ‘অপমানিত’ হওয়ার অভিযোগ তুলে দেশে ফিরে গেছেন। মেহদি তাজ আইআরজিসি-র সাবেক সদস্য হওয়ায় কানাডা সীমান্তে এই জটিলতা তৈরি হয়।

উত্তর আমেরিকায় চলতি বছরের জুন ও জুলাই মাসে এই আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘জি’ গ্রুপে থাকা ইরান ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিসর।