শনিবার । মে ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শেয়ার

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী


tarique-rahman

প্রধানমন্ত্রীর প্রথম সিলেট সফর

শনিবার সকাল ১০টার দিকে তাকে বহনকারী ফ্লাইট সিলেটে অবতরণ করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ছিলেন।

ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে সরাসরি রওনা হবেন হযরত শাহ জালাল (র.) মাজার অভিমুখে। এই মাজার জিয়ারতের পর তিনি যাবেন খাদিম নগরে হযরত শাহ পরাণ (র.) মাজারে।

এরপর বেলা ১১টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত শহরের চাঁদনী ঘাটে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে যোগ দেবেন সরকারপ্রধান। বেলা ১২টায় সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

tarique-rahman

সিলেট সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও ছিলেন

মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি শেষে বিকেল ৩টায় সিলেট স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তৃণমূল পর্যায় থেকে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই নতুন কর্মসূচিটি চালু করা হচ্ছে। এরপর বিকেল ৫টায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকেই শুরু করেছিলেন তৎকালীন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে আজই তাঁর প্রথম সিলেট সফর। দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে আজ রাতেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।