
ছবি: সংগৃহীত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এই প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
শুক্রবার (১ মে) নাবাতিয়েহ জেলার হাব্বুশ এলাকায় সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়। সেখানে ইসরায়েলি যুদ্ধবিমানের গোলারুথপাতে ৮ জন নিহত এবং আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্রগুলো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্যাপক বিমান হামলায় হাব্বুশ এলাকার একটি সম্পূর্ণ আবাসিক ব্লক ধ্বংস হয়ে গেছে। বহু ভবন মাটির সঙ্গে মিশে যাওয়ায় স্থানীয় উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে দীর্ঘক্ষণ তল্লাশি চালায়।
এর পাশাপাশি টায়ার ও নাবাতিয়েহর আশপাশের আরও কয়েকটি এলাকায় হামলায় অন্তত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব হামলায় বেসামরিক ঘরবাড়ি ছাড়াও একটি কনভেন্ট ও একটি স্কুল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী হাব্বুশ এলাকার বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই এই হামলা শুরু করে। তবে স্থানীয়রা অভিযোগ করেছেন, এর আগের দিন কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই একই এলাকায় হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী, যা যুদ্ধবিরতির চরম লঙ্ঘন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, যুদ্ধবিরতির মধ্যেও বেসামরিক স্থাপনা ও জনবসতি লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইনের পরিপন্থী।










































