শনিবার । মে ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ মে ২০২৬, ৪:১০ অপরাহ্ন
শেয়ার

সিলেটে বাঁশিয়া নদী খনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


TR

বাঁশিয়া নদী পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

সিলেটের সদর উপজেলার কাশিপুরে ঐতিহ্যবাহী বাঁশিয়া নদী পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুর ১টা ২০ মিনিটে তিনি নিজে কোদাল দিয়ে মাটি কেটে এই প্রকল্পের সূচনা করেন। নদীটি খনন সম্পন্ন হলে এই অঞ্চলের প্রায় ৮০ হাজার কৃষক সরাসরি এবং আরও প্রায় দেড় লাখ কৃষক পরোক্ষভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন শেষে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “কাশিপুরের এই খালটি ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করেছিলেন। দীর্ঘ সময় পার হওয়ায় পলি জমে এটি ভরাট হয়ে গেছে। আমরা এই নদীটি পুনরায় খনন করতে চাই কারণ এর ফলে স্থানীয় কৃষকরা সরাসরি লাভবান হবেন।”

তিনি আরও উল্লেখ করেন, নদীটি সঠিকভাবে খনন করা গেলে এই অঞ্চলের ফসলি জমিতে বার্ষিক প্রায় ৭ হাজার মেট্রিক টন অতিরিক্ত ফসল উৎপাদন সম্ভব হবে।

সিলেট ও সুনামগঞ্জ জেলার পাঁচটি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ এই বাঁশিয়া নদীটি বর্তমানে দখল, দূষণ ও পলি ভরাটের কারণে অস্তিত্ব সংকটে রয়েছে। সুরমা নদী থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগর হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বরাক বিলে গিয়ে মিশেছে এই নদী। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের ফলে মরণাপন্ন নদীটি প্রাণ ফিরে পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।