শনিবার । মে ২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ মে ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
শেয়ার

৫ আগস্ট দেশের মানুষকে আবার স্বাধীন করেছে ছাত্র-জনতা: প্রধানমন্ত্রী


PM-Tareq-Rahman

সংগৃহীত ছবি

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে স্বাধীনতার পথ খুঁজে পেয়েছে—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২ মে) সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একসময় বাংলাদেশ পরাধীন ছিল এবং পূর্বপুরুষরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। তবে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন দেশের মানুষকে নতুন করে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছে।

শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে তারাই হবে দেশের প্রতিনিধি। খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মকেই দেশের দায়িত্ব নিতে হবে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্যোগের পেছনের গল্প তুলে ধরে তারেক রহমান জানান, প্রায় সাড়ে চার বছর আগে লন্ডনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে আলোচনার মাধ্যমেই এ পরিকল্পনার সূচনা হয়। পরবর্তীতে সরকারে এলে তা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে শিশু-কিশোরদের সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, পড়াশোনা বা খেলাধুলা—যে কোনো ক্ষেত্রে প্রতিভা বিকাশে সরকার পাশে থাকবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, খেলোয়াড় কিংবা সংস্কৃতিমনা যেকোনো পেশায় যেতে চাইলে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরে বক্তৃতা শেষে দেশব্যাপী একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।