
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে বড় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে ৪ বল বাকি থাকতেই মাত্র ১০২ রানে অলআউট হয়ে গেছে লিটন দাসের দল। এতে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজও ঘরে তোলার পথে বড় ধাক্কা খেল স্বাগতিকরা।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা হয়েছিল মারমুখী। বৃষ্টির আগে ৬.৪ ওভারে ৫০ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছিল টাইগাররা। তবে বৃষ্টির পর খেলা পুনরায় শুরু হলে বাকি ৭ উইকেটে বাংলাদেশ যোগ করতে পেরেছে মাত্র ৫২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহীদ হৃদয়। অধিনায়ক লিটন দাস ২৬ এবং ওপেনার সাইফ হাসান ১৬ রান করলেও বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
নিউজিল্যান্ডের বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। ওপেনিংয়ে নামা সাইফ হাসান জেডেন লেনক্সের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর নাথান স্মিথের পরপর দুই বলে বোল্ড হন তানজিদ হাসান তামিম এবং গোল্ডেন ডাক মারেন পারভেজ হোসেন ইমন। লিটন দাস ১৭ বলে ২৬ রান করে আশার আলো দেখালেও সাজঘরে ফেরেন দ্রুতই।
কিউই বোলার জশ ক্লার্কসন মাত্র ৯ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এছাড়া বেন সিয়ার্স ও নাথান স্মিথ ২টি করে উইকেট নিয়ে বাংলাদেশকে অল্প পুঁজিতে আটকে দিতে বড় ভূমিকা রাখেন।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের জন্য এই সংগ্রহ রক্ষা করা বেশ চ্যালেঞ্জিং হবে। চট্টগ্রামের প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এই ম্যাচটিই এখন সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়িয়েছে।
সিরিজ জিততে হলে মিরপুরের মন্থর উইকেটে কিউই ব্যাটারদের ১০২ রানের মধ্যেই বেঁধে রাখতে হবে শরিফুল-সাইফউদ্দিনদের।










































