বুধবার । এপ্রিল ২৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৯ এপ্রিল ২০২৬, ৫:০১ অপরাহ্ন
শেয়ার

পেশোয়ারের ফাইনালে ফিরছেন নাহিদ রানা


nahid rana

তরুণ পেসার নাহিদ রানা

গতিতে আগুন আর বাউন্সারে ত্রাস ছড়িয়ে পিএসএলে নিজের জাত চিনিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা।

পেশোয়ার জালমির হয়ে মাত্র ৪ ম্যাচ খেলেই ৭ উইকেট শিকার করেছেন তিনি। ৫.৪২ ইকোনমিতে রান খরচ করে বর্তমানে টুর্নামেন্টের সেরা পেসার হিসেবে নজর কেড়েছেন ২৩ বছর বয়সী এই পেসার।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দেশে ফিরে আসায় নাহিদ আর পিএসএলে খেলতে পারবেন না বলে ধরে নেওয়া হয়েছিল। তবে পেশোয়ার জালমি ফাইনালে উঠায় পরিস্থিতি বদলে গেছে। ফ্র্যাঞ্চাইজির মালিক জাভেদ আফ্রিদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের কাছে সরাসরি অনুরোধ করেন নাহিদকে ফাইনালে খেলার অনুমতি দেওয়ার জন্য।

জাভেদ আফ্রিদির অনুরোধে সাড়া দিয়ে বিসিবি নাহিদ রানাকে পিএসএল ফাইনালে খেলার অনাপত্তিপত্র দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) জাভেদ আফ্রিদি লিখেছেন, “পিএসএল-১১ ফাইনালের জন্য নাহিদকে অনাপত্তিপত্র দেওয়ায় তামিমকে ধন্যবাদ।”

দেশে ফেরার আগে ৪ ম্যাচে ৭৬ রান খরচ করে ৭ উইকেট নিয়ে নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে দারুণ প্রভাব ফেলেছেন। তার গতি ও বাউন্সার পাকিস্তানি ব্যাটারদের বেশ ভুগিয়েছে।

পিএসএলের ১১তম আসরের ফাইনাল আগামী ৩ মে লাহোরে অনুষ্ঠিত হবে। ফাইনালে নাহিদ রানাকে মাঠে দেখার অপেক্ষায় থাকবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।