
কিংবদন্তি অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা
দেশের বিনোদন জগতের অন্যতম সম্মানজনক আয়োজন ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস’ (বাইফা) অ্যাওয়ার্ড-এর পঞ্চম আসর বসতে যাচ্ছে আগামী ৮ মে। এবারের আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন ঢালিউডের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা।
বাইফা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুচন্দা ইতিমধ্যে বাইফার উপহার বক্স গ্রহণ করে এই সম্মাননা সশরীরে গ্রহণের সম্মতি জানিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়, প্রযোজনা ও পরিচালনার সাথে যুক্ত থাকা এই গুণী শিল্পী বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও নতুন প্রজন্মের এই স্বীকৃতিতে বিশেষ আনন্দ প্রকাশ করেছেন।
তিনি বলেন, “বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। তারপরও যে নতুন প্রজন্ম আমাকে মনে রেখেছে, এজন্য সত্যি আনন্দ হচ্ছে”।

সুচন্দা ইতিমধ্যে বাইফার উপহার বক্স গ্রহণ করে সম্মতি জানিয়েছেন
৮ মে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেমে’ এই জমকালো অনুষ্ঠানটি আয়োজিত হবে। গান, নাচ, ফ্যাশন, নাটক, ওটিটি ও চলচ্চিত্র—এই প্রধান ক্ষেত্রগুলোর মোট ২৯টি ক্যাটাগরিতে দর্শক ভোট ও জুরিদের রায়ে সেরাদের পুরস্কৃত করা হবে। মূল আয়োজনের পাশাপাশি তারকাদের পারফর্মেন্স, ফ্যাশন শো এবং রেড কার্পেটের মতো আকর্ষণীয় সব ইভেন্ট থাকছে এই আসরে।
উল্লেখ্য, বাইফার গত দুটি আসরে যথাক্রমে কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা এবং নৃত্যশিল্পী জুটি শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ আজীবন সম্মাননা লাভ করেছিলেন। এখন দেখার বিষয়, ৮ মের এই গ্ল্যামারাস সন্ধ্যায় আর কোন কোন তারকা সেরার মুকুট ছিনিয়ে নেন।
বাংলা টেলিগ্রাফ উদ্যোগের গল্প














































