শুক্রবার । মে ১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১ মে ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
শেয়ার

১৯৭১ সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার


Golam-Parwar

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১৯৭১ সালের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়; সময়ের সঙ্গে দলটি নীতি, গঠনতন্ত্র ও কার্যক্রমে নানা পরিবর্তন এনেছে।

শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে শ্রমিক সমাবেশ শেষে তিনি এ মন্তব্য করেন। পরওয়ার জানান, বর্তমান গঠনতন্ত্রে মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবং দলীয় সদস্য হতে হলে স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন বাধ্যতামূলক।

তিনি বলেন, দীর্ঘদিন পুরনো বিতর্কে বিভক্ত থাকলে একটি জাতির অগ্রগতি ব্যাহত হয়। ইতিহাস নিয়ে দ্বন্দ্বে না জড়িয়ে নতুন উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। উদাহরণ হিসেবে তিনি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের অগ্রগতির কথা উল্লেখ করেন।

গোলাম পরওয়ার আরও দাবি করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব বিতর্ক জিইয়ে রাখছে, যা দেশের ঐক্যের জন্য ক্ষতিকর। এ অবস্থা থেকে বেরিয়ে এসে জাতীয় ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।