
ইয়েমেনের উপকূলে একটি তেলবাহী ট্যাংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, যা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা নিয়ে। দেশটির কোস্টগার্ড জানিয়েছে, অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা জাহাজটি দখল করে নেয়, তবে এখনো হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, শাবওয়া প্রদেশের উপকূলবর্তী এলাকায় ‘এম/টি ইউরেকা’ নামের ট্যাংকারটি ছিনতাই করা হয়। পরে জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে সেটিকে এডেন উপসাগর হয়ে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যাওয়া হয়।
এর আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, মুকাল্লা বন্দর থেকে প্রায় ৮৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি জাহাজের আশপাশে সন্দেহজনক নৌযান চলাচল দেখা গেছে। একটি সবুজ রঙের ছোট নৌকা ও একটি মাছ ধরার ট্রলার জাহাজটির দিকে অগ্রসর হচ্ছিল বলে জানানো হয়।
ইউকেএমটিওর সতর্কবার্তার পরই ওই এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ে। সর্বশেষ ঘটনায় আবারও প্রমাণ হলো, ইয়েমেন উপকূল ও আশপাশের জলসীমায় জাহাজ চলাচল এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সূত্র: আল–জাজিরা










































