
গত দুই দিনেই ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৪৪ জন নিহত হয়েছে
দক্ষিণ লেবাননে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। দুই সপ্তাহ আগে ঘোষিত যুদ্ধবিরতি কার্যত লঙ্ঘন করেই এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
শনিবার প্রকাশিত খবরে বলা হয়, নাবাতিয়েহ জেলার শৌকিন শহরে হামলায় অন্তত তিনজন নিহত হন। এর আগে কাফর দাজ্জাল গ্রামে একটি গাড়িতে হামলায় নিহত হন দুইজন। এছাড়া লুয়াইজেহ গ্রামে একটি বাড়িতে হামলায় তিনজন এবং শৌকিনে আরেক হামলায় আরও দুইজন নিহত হন।
ইসরায়েলি বাহিনী নাবাতিয়েহ শহরের আল-কুদস মোড়ের কাছে আল-সা’দা বেকারির আশপাশেও বিমান হামলা চালায়। একইসঙ্গে টাইর জেলার সিদ্দিকিন শহরেও যুদ্ধবিমান হামলা চালানো হয়।
ইসরায়েলের দাবি, তারা ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালায়। তবে নিহতদের মধ্যে বড় অংশই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে লেবাননের সূত্রগুলো।
গত দুই দিনেই ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৪৪ জন নিহত হয়েছে। গত ২ মার্চ যুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২,৬১৮ জনে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
পাল্টা হামলার ঘোষণা হিজবুল্লাহর
অন্যদিকে, হিজবুল্লাহ জানিয়েছে তারা লেবাননের ভেতরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়ে যাবে। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, দক্ষিণ লেবাননের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলি সেনা ও যানবাহনের ওপর তারা হামলা চালিয়েছে। বিনত জবেইল ও হুলা এলাকায় গোলাবর্ষণ এবং বিয়্যাদা এলাকায় ড্রোন হামলার কথাও উল্লেখ করা হয়।
সম্প্রতি হিজবুল্লাহ ফাইবার-অপটিক নিয়ন্ত্রিত ছোট ড্রোন ব্যবহার করে ইসরায়েলি ট্যাংকে হামলা চালাচ্ছে বলে জানা গেছে। এতে ইতোমধ্যে তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
আল জাজিরা
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল










































