বুধবার । এপ্রিল ২৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শেয়ার

বিমানের বহরে যুক্ত হচ্ছে ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ


biman-bangladesh-airlines

বিমান বাংলাদেশ এয়ারলাইনস

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এক ঐতিহাসিক মাইলফলক অর্জিত হতে যাচ্ছে। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি অত্যাধুনিক উড়োজাহাজ কেনার লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীতে একটি মেগা চুক্তি সই হতে যাচ্ছে।

রাজধানীর একটি অভিজাত হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই হবে। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিরা এই নথিতে স্বাক্ষর করবেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি, কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং এভিয়েশন খাতের বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

এই চুক্তির আওতায় বিমান প্রায় ৩৭ হাজার কোটি টাকা ব্যয়ে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, ২টি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং ৪টি ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ সংগ্রহ করবে। বিমানের ইতিহাসে এটিকে বহর সম্প্রসারণের সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার মাধ্যমে জাতীয় পতাকাবাহী এই সংস্থাটির সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ থাকলেও বাড়তে থাকা যাত্রী চাহিদা পূরণে অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ লক্ষ্য সামনে রেখে ২০৩৪-৩৫ অর্থবছরের মধ্যে বহরের আকার ৪৭টিতে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

নতুন ড্রিমলাইনারগুলো যুক্ত হলে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আমেরিকার দীর্ঘপাল্লার রুটে বিমানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে আঞ্চলিক রুটেও যাত্রীসেবার মান উন্নত হবে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ বাংলাদেশকে একটি আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।