
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুরে লিচুর মৌসুম শুরু হয়েছে। স্বাদ ও গুণগত মানের জন্য দেশজুড়ে সমাদৃত মেহেরপুরের রসালো লিচু এখন বাজারে উঠতে শুরু করেছে। কৃষি বিভাগ ও স্থানীয় চাষিদের মতে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং আবাদ বৃদ্ধি পাওয়ায় এবার ৫৫ কোটি টাকারও বেশি লিচু বিক্রির সম্ভাবনা দেখা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত বছর জেলায় ৭১৫ হেক্টর জমিতে ৬ হাজার ১১০ মেট্রিক টন লিচু উৎপাদিত হয়েছিল, যার বাজার মূল্য ছিল প্রায় ৫০ কোটি টাকা। এ বছর আবাদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০০ হেক্টরে। উৎপাদন বৃদ্ধির এই ধারা কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।
মেহেরপুরের বিভিন্ন বাগান ঘুরে দেখা গেছে, এখানে স্থানীয় ‘মোজাফফর’ জাতের লিচুর প্রাধান্য সবচেয়ে বেশি। তবে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ‘বোম্বাই’ জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের লিচুর চাষও দ্রুত বাড়ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এই লিচু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সনজীব মৃধা বলেন, চাষিদের নিয়মিত পরামর্শ ও অনুকূল আবহাওয়ার কারণে এবার লিচুর মান অত্যন্ত ভালো। বাজার ব্যবস্থাপনা উন্নত করা গেলে কৃষকরা তাদের শ্রমের প্রকৃত মূল্য পাবেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, আধুনিক চাষাবাদ ও সঠিক পরিকল্পনার মাধ্যমে মেহেরপুরের এই অর্থকরী ফসল ভবিষ্যতে জেলার অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে।














































