মঙ্গলবার । এপ্রিল ১৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৩ এপ্রিল ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় যাচ্ছে জামালপুরের কাঁচা মরিচ


jamalpur

মালয়েশিয়ায় মরিচ রপ্তানি শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে

জামালপুরের চরাঞ্চলে উৎপাদিত উন্নত জাতের কাঁচা মরিচ এখন আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিচ্ছে। ইতোমধ্যে মালয়েশিয়ায় এই মরিচ রপ্তানি শুরু হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে। আবহাওয়া প্রতিকূল থাকায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম হলেও বিদেশের বাজারে ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা।

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৬ হাজার ৪৭৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। মাদারগঞ্জ উপজেলার গাবেরগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন কৃষকদের কাছ থেকে সরাসরি মরিচ সংগ্রহ করছেন রপ্তানিকারকরা। স্থানীয় বাজারে প্রতি কেজি মরিচ ২৮ টাকায় বিক্রি হলেও রপ্তানির জন্য ব্যবসায়ীরা কৃষকদের কেজিপ্রতি ৩৪ টাকা পর্যন্ত দাম দিচ্ছেন। এতে করে সাধারণ বাজারের চেয়ে ৪ থেকে ৫ টাকা বেশি পাচ্ছেন প্রান্তিক চাষিরা।

ব্যবসায়ীরা জানান যে মাঠ থেকে মরিচ সংগ্রহের পর তা বিশেষ প্রক্রিয়ায় প্যাকেটজাত করে চট্টগ্রাম বন্দর দিয়ে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৭০০ মেট্রিক টন মরিচ মালয়েশিয়ায় রপ্তানি হয়েছে যা থেকে কৃষকরা সম্মিলিতভাবে প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকা আয় করেছেন। রপ্তানি শুরু হওয়ায় দেশে যেমন বৈদেশিক মুদ্রা বা ডলার আসছে তেমনি মধ্যস্বত্বভোগীদের দাপট ছাড়াই ন্যায্য দাম পাচ্ছেন চাষিরা। সারের বাড়তি দামের এই সময়ে রপ্তানি বাজার চাঙ্গা থাকলে কৃষকদের খরচ উঠে লাভের পরিমাণ বাড়বে বলে মনে করছেন চাষিরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলম শরীফ খান জানান, গুণগত মান নিশ্চিত করে এই রপ্তানি প্রক্রিয়া সচল রাখতে কৃষি বিভাগ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।