
সংগৃহীত ছবি
পটুয়াখালীর বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস। এতে বাসের এক স্টাফ নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের আফসার গ্যারেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, দশমিনা থেকে ছেড়ে আসা ‘বাউফল ট্রাভেলস’ নামের বাসটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলেই বাসের এক স্টাফ নিহত হন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, বাসে অতিরিক্ত মালামাল বহন এবং চালকের অসতর্কতা—বিশেষ করে মোবাইলে কথা বলা ও অতিরিক্ত গতি—দুর্ঘটনার কারণ হতে পারে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













































