রবিবার । মে ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ১৭ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শেয়ার

১ জুলাই থেকে টাকা ট্রান্সফারে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক


Bangla QR

বাংলা কিউআর

আগামী ১ জুলাই থেকে দেশের সব ধরনের টাকা ট্রান্সফারের মাধ্যম হিসেবে ‘বাংলা কিউআর’ ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। ক্যাশলেস বাংলাদেশ গড়ে তোলার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে আগামী জুনের মধ্যে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি লেনদেনে বাংলা কিউআর ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১৬ মে) খুলনার একটি অভিজাত হোটেলে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ষাণ্মাসিক মুদ্রানীতি প্রণয়ন সংক্রান্ত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এসব তথ্য জানান।

গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, “ক্যাশলেস বাংলাদেশ তৈরিতে আমাদের যে পরিকল্পনা রয়েছে, তাতে আপনাদের সবার অংশগ্রহণ প্রয়োজন। এটি সফল হলে আমাদের রেভিনিউ কালেকশন থেকে শুরু করে অর্থনৈতিক ম্যানেজমেন্টের সবকিছু অনেক সহজ হয়ে যাবে।”

তিনি আরও জানান, প্রতি বছর দেশে কাগজের নতুন নোট ছাপাতে প্রায় ২০ হাজার কোটি টাকা খরচ হয়। ডিজিটাল লেনদেন তথা বাংলা কিউআর-এর ব্যবহার নিশ্চিত করে এই খরচ যদি অর্ধেকও নামিয়ে আনা যায়, তবে সরকারের অন্তত ১০ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে। এছাড়া মতবিনিময় সভায় তিনি কৃষক ঋণ এবং দেশের পাঁচটি ব্যাংককে একীভূত (মার্জ) করার প্রক্রিয়া নিয়েও কথা বলেন।

বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় খুলনার স্থানীয় ব্যবসায়ী, অংশীজন এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তারা খুলনার আঞ্চলিক প্রেক্ষাপটে কৃষক ঋণ বিতরণ, কৃষকের ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ এবং সঠিক দাম পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান নানান প্রতিবন্ধকতার চিত্র গভর্নরের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান এবং মূল মুদ্রানীতি বিষয়ক উপস্থাপনা করেন নির্বাহী পরিচালক মাহমুদ সালাহ্উদ্দিন নাসের।