
মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ শেষে শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় আগামী জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের এমপি মির্জা আব্বাস।
আজ শনিবার (১৬ মে) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তাঁর সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।
বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন বিএনপি এই জ্যেষ্ঠ নেতার খোঁজ নিতে স্থানীয় সময় বিকেল ৬টার দিকে কুয়ালালামপুরে কর্মরত প্রবাসী সাংবাদিকেরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শারীরিক অবস্থা আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকেরা। তবে পুরোপুরি সুস্থতার জন্য এখনো তাঁকে হাসপাতালের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আফরোজা আব্বাস আরও জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে পর্যাপ্ত বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসার আওতায় রাখা হয়েছে। চিকিৎসার প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল তাঁর শারীরিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। চিকিৎসকদের ইতিবাচক সবুজ সংকেত পাওয়ায় প্রতিদিন হুইলচেয়ারে করে হাসপাতালের নিচে কিছু সময়ের জন্য চলাফেরাও করছেন মির্জা আব্বাস।
এদিকে বিএনপির এই প্রভাবশালী নীতিনির্ধারককে একনজর দেখতে এবং তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে মালয়েশিয়া প্রবাসী শুভাকাঙ্ক্ষী ও দলীয় নেতাকর্মীরা প্রতিনিয়ত হাসপাতালে ভিড় করছেন। মির্জা আব্বাসও শারীরিক অসুস্থতার মাঝে তাঁদেরকে সময় দিচ্ছেন, সবার সঙ্গে কথা বলছেন এবং কুশল বিনিময় করছেন।
সাক্ষাৎকালে হাসপাতালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল মালয়েশিয়া শাখার সভাপতি মো. জসিম উদ্দিন, জালাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হেলাল শিকদার, সোহেল আহমেদ, ইমরান আহমেদ এবং জাসাস মালয়েশিয়ার আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমসহ স্থানীয় প্রবাসী সাংবাদিকবৃন্দ।











































