
ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনীতে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, রাজনীতির নামে কেউ যেন বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শনিবার চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি। খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি, শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। তিনি দাবি করেন, আন্দোলনের মাধ্যমেই দেশে স্বৈরাচার হটানো হয়েছে এবং এখন সময় দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনের।
উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, কেউ যদি রাজনীতির নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তবে জনগণকে তা শক্ত হাতে প্রতিহত করতে হবে। একই সঙ্গে তিনি দেশ গড়ার কাজে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে চাঁদপুরসহ আরও ২০টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কয়েকজন নারীর হাতে প্রতীকীভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতা চায়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ সরকার ইতোমধ্যে শুরু করেছে এবং পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়ন করা হবে।
ফ্যামিলি কার্ড পাওয়া রুমা আখতার ও মনোয়ারা বেগম প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করে বক্তব্য রাখেন।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য জেলা সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য জালাল আহমেদ, সংরক্ষিত আসনের সংসদসদস্য রাশেদ বেগম হীরা, চাঁদপুরের জেলা পরিষদের প্রশাসক সলিম উল্যা সেলিম এবং সমাজকল্যাণ সচিব মোহাম্মদ আবু ইউসুফ বক্তব্য দেন।
এছাড়া, অনুষ্ঠানে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ (আশিক চৌধুরী) জেলা নেতারা উপস্থিত ছিলেন।










































