শনিবার । মে ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৬ মে ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
শেয়ার

‘সরকারের ধোঁকাবাজির বিরুদ্ধে সংসদ ও রাজপথে আন্দোলন চালিয়ে যাবে জামায়াত’


Jamat-Amir

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, সরকারের ‘প্রতারণা ও ধোঁকাবাজির’ বিরুদ্ধে আন্দোলন সংসদ ও রাজপথে একসঙ্গে চালিয়ে যাবে জামায়াতে ইসলামী। শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১১–দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় ১৬টি অধ্যাদেশ বাস্তবায়ন না করলে দলটির আন্দোলন আরও জোরদার হবে। তিনি দাবি করেন, তরুণদের নেতৃত্বে গণ–আন্দোলনের মাধ্যমেই রাজনৈতিক পরিবর্তন এসেছে এবং বর্তমান সরকার সেই আন্দোলনের সুফল ভোগ করছে।

বিএনপির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, দেশে এখনো দখলদারিত্ব ও চাঁদাবাজি বন্ধ হয়নি। তিনি অভিযোগ করেন, জনগণের মতামত উপেক্ষা করলে সরকারকেও তার পরিণতি ভোগ করতে হবে।

সংসদে কথা বলতে বাধা দেওয়া হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রয়োজনে তারা “জনগণের পার্লামেন্টে” গিয়ে কথা বলবেন। একই সঙ্গে দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতের আমির বলেন, উত্তরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে এ প্রকল্প বাস্তবায়ন জরুরি। পাশাপাশি সরকারের পদ্মা ব্যারেজ ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এটি যেন শুধু ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না থাকে।