
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব এবার পড়েছে নৌপথেও। বাসের পর লঞ্চের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন হিসাবে কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং দীর্ঘ দূরত্বে ১৪ পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
বুধবার লঞ্চের ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহন মন্ত্রণালয়, যা মঙ্গলবার থেকে কার্যকরের কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা করা হয়েছে, যা প্রায় ৬ দশমিক ৪৯ শতাংশ বৃদ্ধি।
অন্যদিকে, ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা ৫ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি। নতুন ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।
সরকার জানিয়েছে, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর আওতায় যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয়, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়। এরপর থেকেই পরিবহন খাতে ভাড়া বৃদ্ধির দাবি ওঠে। সেই ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়, যা ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।








































