
জোসেফ বিজয় ও রাহুল গান্ধী
ভারতের কংগ্রেস পার্টি আনুষ্ঠানিকভাবে অভিনেতা সি. জোসেফ বিজয়ের (বিজয় থালাপতি) দল তামিলাগা ভেট্রি কাজগম (টিভিকে)-এর সঙ্গে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে। তবে কংগ্রেসের এই সমর্থন ‘শর্তসাপেক্ষ’।
টিভিকে’রসঙ্গে হাত মেলানোর মাধ্যমে তামিলনাড়ুতে দুই দশকেরও বেশি পুরনো ডিএমকের সঙ্গে কংগ্রেসের জোটের ইতি ঘটল। ২০০৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই দুই দল একসঙ্গে আসে এবং ২০১৪ সালের নির্বাচনে স্বল্প সময়ের বিচ্ছেদ ছাড়া তাদের সম্পর্ক মোটামুটি অটুট ছিল।
এক বিবৃতিতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তামিলনাড়ু দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোডানকার জানান, এই জোট শুধু সরকার গঠনের জন্য নয়, ভবিষ্যতে তামিলনাড়ুর স্থানীয় সংস্থা, লোকসভা এবং রাজ্যসভার নির্বাচনেও একসঙ্গে লড়ার লক্ষ্যে করা হয়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর বিজয় আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সমর্থন চান, এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কংগ্রেস জানায়, তাদের সমর্থন শর্তসাপেক্ষ—টিভিকে এই জোটে এমন কোনো সাম্প্রদায়িক শক্তিকে অন্তর্ভুক্ত করতে পারবে না, যারা ভারতের সংবিধানে বিশ্বাস করে না।








































