বুধবার । মে ৬, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ৬ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শেয়ার

ঈদের আগে বাড়ি ফেরা হলো না সৌদি প্রবাসী শাওনের


shaon

নিহত শাওন মির্জা। ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় পরিবারের সাথে আনন্দ ভাগ করে নিতে বাড়ি ফেরার কথা ছিল শাওন মির্জার। কিন্তু সেই আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। সৌদি আরবে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। মঙ্গলবার (৫ মে) সকালে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাওন ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের নওপাড়া মহল্লার সাবেক পুলিশ সদস্য মৃত জাহিদ মির্জার একমাত্র ছেলে। শাওনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জহুরুল হক মিঠুন।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সচ্ছলতা ফেরাতে মাত্র এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন শাওন। তিন বোন ও বৃদ্ধ মায়ের সংসারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রায় ১০ বছর আগে বাবাকে হারানো শাওনের কাঁধেই ছিল পুরো সংসারের বোঝা। দীর্ঘ প্রতীক্ষা শেষে এবারের ঈদে তার বাড়িতে আসার কথা ছিল, কিন্তু এক নিমিষেই সব স্বপ্ন ধুলোয় মিশে গেল।

শাওন সৌদিতে একটি ডেলিভারি কোম্পানিতে কাজ করতেন। গত মঙ্গলবার বাইক চালিয়ে খাবার সরবরাহ শেষে ফেরার পথে সড়কের একটি ইউ-টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। এসময় বাইকটি রাস্তার পাশের একটি খেজুর গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একমাত্র ছেলেকে হারিয়ে শাওনের বৃদ্ধ মা এখন শয্যাশায়ী। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্য ও এলাকাবাসী শাওন মির্জার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।