
নিহত মো. আলমাছ সরদার ফরিদ
সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. আলমাছ সরদার ফরিদ (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সাংবাদিক আবু তালেব সরদারের ছোট ছেলে।
বুধবার (১৫ এপ্রিল) রাতে বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ ফরিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ভাগ্য পরিবর্তনের আশায় আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ফরিদ। সেখানে তিনি একটি কফি হাউসে শ্রমিকের কাজ করতেন। গত ২৪ মার্চ থেকে পরিবারের সাথে তার সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ ২০ দিন অনেক খোঁজাখুঁজির পর বুধবার বিকেলে ফরিদের বাবার মোবাইলে তার মৃত্যুর খবর আসে। জানানো হয়, গত ২৪ মার্চ রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় ফরিদ প্রাণ হারিয়েছেন।

সন্তানের অকাল মৃত্যুতে শোকাতুর বাবা আবু তালেব সরদার বলেন, ‘অনেক আশা নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম যেন সে পরিবারের হাল ধরে। কিন্তু ২০ দিন ধরে যোগাযোগ বন্ধ থাকার পর আজ তার মৃত্যুর সংবাদ পেলাম।’ তিনি ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে ফরিদ ছিলেন সবার ছোট।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ। একই সঙ্গে ফরিদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।














































