
ছবি: সংগৃহীত
চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (৬ মে) বেইজিংয়ের ঐতিহাসিক দিয়াওউতাই স্টেট গেস্ট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সফরের বিস্তারিত জানানো হয়েছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে জ্বালানি সহযোগিতা, অবকাঠামোগত উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগ (কানেক্টিভিটি) বাড়ানোর ওপর উভয় দেশ বিশেষ গুরুত্বারোপ করেছে। এ ছাড়াও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান ‘সমন্বিত কৌশলগত অংশীদারি’ আরও উন্নত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয় পক্ষ। বাংলাদেশ তার দীর্ঘদিনের ‘এক-চীন’ নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনরায় নিশ্চিত করেছে। পাশাপাশি বৈশ্বিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মতবিনিময় করেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম। বৈঠক শেষে বাংলাদেশের প্রতিনিধিদলের সম্মানে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক সৌজন্য ভোজসভার আয়োজন করেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের এই সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা ভবিষ্যতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।








































