বুধবার । মে ৬, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৬ মে ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন
শেয়ার

যুদ্ধ বন্ধে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র-ইরান


US-Iran

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ বন্ধের পথে বড় অগ্রগতি হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করে বলেছে, চুক্তিটি শিগগিরই সম্পন্ন হতে পারে।

এর আগে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসও একই ধরনের তথ্য প্রকাশ করে। পাকিস্তানি সূত্র জানিয়েছে, উভয় পক্ষ এখন সমঝোতার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

এই সম্ভাব্য চুক্তির খবরে বিশ্ববাজারে তাৎক্ষণিক প্রভাব পড়েছে। অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম ৮ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে নেমে এসেছে। পাশাপাশি শেয়ারবাজারে সূচক বেড়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

চুক্তির খবর প্রকাশের কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে নৌ-অভিযান স্থগিত রাখার ঘোষণা দেন। এই অভিযানের মাধ্যমে জ্বালানিবাহী জাহাজকে সুরক্ষা দেওয়ার পরিকল্পনা ছিল।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, প্রস্তাবিত সমঝোতা স্মারকটি হবে সংক্ষিপ্ত, মাত্র এক পৃষ্ঠার। যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে চূড়ান্ত প্রতিক্রিয়া আশা করছে।

যদিও রয়টার্সের পক্ষ থেকে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সিএনবিসির খবরে বলা হয়েছে, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছে।

সম্ভাব্য এই চুক্তির শর্ত অনুযায়ী, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখতে পারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দকৃত বিপুল অর্থ ছাড় দিতে সম্মত হতে পারে। পাশাপাশি হরমুজ প্রণালিতে পণ্য ও জাহাজ চলাচলের ওপর আরোপিত সব বিধিনিষেধ তুলে নেওয়ার কথাও রয়েছে।