মঙ্গলবার । মে ৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ মে ২০২৬, ৮:২০ অপরাহ্ন
শেয়ার

পুলিশে বড় রদবদল: ৯ ডিআইজি ও ৩০ এসপিকে বদলি


Police

ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) পৃথক দুটি প্রজ্ঞাপনে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৯ জন এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩০ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

৯ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এসবির ডিআইজি মোহা. ফয়েজুল কবিরকে আরএমপি কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিআইজি মো. মোশফেকুর রহমানকে পুলিশ অধিদপ্তরে এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া ডিআইজি মো. আশিক সাঈদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার এবং ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সানা শামীনুর রহমানকে সিআইডিতে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ডিএমপি ও কেএমপির আরও দুইজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তার নাম প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত রয়েছে।

৩০ জন এসপি পদমর্যাদার কর্মকর্তা: পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলামকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে এবং তার স্থলে এপিবিএন-২ এর এসপি মো. মিজানুর রহমানকে পঞ্চগড়ের নতুন এসপি করা হয়েছে। জয়পুরহাটের এসপি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেলওয়ে পুলিশের শাহনাজ বেগম। পাবনা জেলার এসপি মো. আনোয়ার জাহিদকে এসবির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করে তার স্থলে মো. মফিজ উদ্দিনকে পাবনার এসপি করা হয়েছে।

প্রজ্ঞাপনে নীলফামারী, নড়াইল, সাতক্ষীরা, চাঁদপুর, ঝালকাঠি এবং ফেনী জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগের আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ডিএমপির বেশ কয়েকজন উপ-পুলিশ কমিশনার (ডিসি), কেএমপির উপ-পুলিশ কমিশনার এবং এসবির বিশেষ পুলিশ সুপারসহ (এসএসপি) মোট ৩০ জন এসপি পদমর্যাদার কর্মকর্তার নাম এই বদলি তালিকায় রয়েছে।