
৪৫ পরিবার পেল ছাগল ও গৃহনির্মাণ উপকরণ
নওগাঁর মান্দা উপজেলায় সমতলে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি সহায়তার অংশ হিসেবে ৪৫টি ছাগল ও গৃহনির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
তিনি আনুষ্ঠানিকভাবে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো সমাজের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে। সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের আত্মনির্ভরশীল করে তুলতে গবাদিপশু পালনের মতো আয়বর্ধক কার্যক্রমে সহায়তা দেওয়া হচ্ছে, যা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বাস্তবায়িত ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ সহায়তা দেওয়া হয়। প্রকল্পের অধীনে প্রতিটি সুফলভোগী পরিবারকে ২টি করে ছাগল দেওয়া হয়েছে। পাশাপাশি পশুপালন উপযোগী পরিবেশ তৈরির জন্য ৫টি ম্যাট, ২টি টিন ও ৪টি পিলার সরবরাহ করা হয়েছে।
সহায়তা পেয়ে উপকারভোগীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এই সহায়তার মাধ্যমে ঘরে বসেই আয়ের সুযোগ তৈরি হবে, যা তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে বিশেষভাবে সহায়ক হবে। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ডা. তানভীর হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












































