
নিহত ফিরোজ হোসেন
যশোরের মণিরামপুরে বিদেশ থেকে ফিরে ঋণের বোঝা সইতে না পেরে ফিরোজ হোসেন (৩৫) নামে এক যুবক আত্মহননের পথ বেছে নিয়েছেন। রবিবার (৩ মে) সন্ধ্যায় উপজেলার শেখপাড়া খানপুর গ্রামে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফিরোজ ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সচ্ছলতা ফেরাতে সহায়-সম্বল বিক্রি ও চড়া সুদে ঋণ নিয়ে মাত্র কয়েক মাস আগে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন ফিরোজ। কিন্তু সেখানে গিয়ে দালালের প্রতারণা ও আইনি জটিলতায় পড়েন এই প্রবাসী। মাত্র তিন মাসের মাথায় তাকে খালি হাতে দেশে ফিরতে বাধ্য হতে হয়। দেশে ফেরার পর থেকেই পাওনাদারদের ঋণের চাপ ও সংসারের অভাব-অনটন নিয়ে তিনি চরম মানসিক দুশ্চিন্তায় ছিলেন।
স্বজনরা জানান, রবিবার সন্ধ্যায় ফিরোজ নিজ ঘরের দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় তার কোনো সাড়া-শব্দ না পেয়ে বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী বলেন, প্রবাসী হিসেবে প্রতারণার শিকার হয়ে ফিরে আসা এবং ঋণের কারণে সৃষ্ট হতাশা থেকেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে মণিরামপুর উপজেলা শুভসংঘের সভাপতি এস এম হাফিজুর রহমান প্রবাসগামীদের নিরাপত্তা নিশ্চিত করতে দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল রহমান জানান, নিহতের মরদেহে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।










































