
ফাইল ছবি
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে চলাচলরত দক্ষিণ কোরিয়ার একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জাহাজটির ইঞ্জিন কক্ষ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় শিপিং কোম্পানি এইচএমএম।
এইচএমএম-এর এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে জানান, জাহাজের ইঞ্জিন রুমে প্রথমে আগুন শনাক্ত করা হয়। ঠিক কী কারণে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কোম্পানি ও কর্তৃপক্ষ।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনার সময় জাহাজটিতে মোট ২৪ জন ক্রু সদস্য অবস্থান করছিলেন। তাদের মধ্যে ১৮ জন বিদেশি এবং ছয়জন দক্ষিণ কোরিয়ার নাগরিক। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা না হলেও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
আন্তর্জাতিক শিপিং খাতের জন্য অত্যন্ত সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে এই দুর্ঘটনা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।
সূত্র: আল জাজিরা








































