সোমবার । মে ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ মে ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
শেয়ার

ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল


BD-USA

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতে ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্যবিষয়ক দূত ব্রেন্ডান লিঞ্চ। তার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী ৫ থেকে ৭ মে ঢাকা সফর করবে।

সোমবার (৪ মে) মার্কিন দূতাবাস ঢাকা এক মিডিয়া নোটে এ তথ্য জানায়। এতে বলা হয়, সফরকালে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।

যুক্তরাষ্ট্র আশা করছে, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্যচুক্তি বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের অংশীদারিত্ব আরও জোরদার হবে। এই চুক্তি কার্যকর হলে দুই দেশের বাজারে প্রবেশ সহজ হবে, বিনিয়োগের প্রতিবন্ধকতা কমবে এবং নতুন বাণিজ্য সুযোগ সৃষ্টি হবে।

বিশেষজ্ঞদের মতে, এ সফর দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।