
ফাইল ছবি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো ট্রেনযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে আগামী ১৩ মে থেকে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদযাত্রায় ভিড় সামলাতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদে বাড়ি যাওয়ার অগ্রিম টিকিট বিক্রি চলবে ১৭ মে পর্যন্ত এবং ২১ মে থেকে শুরু হবে ফিরতি যাত্রার টিকিট বিক্রি।
রেলওয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১৩ মে বিক্রি করা হবে ২৩ মে’র টিকিট। পরদিন ১৪ মে পাওয়া যাবে ২৪ মে’র টিকিট। এভাবে ১৫ মে মিলবে ২৫ মে’র টিকিট, ১৬ মে পাওয়া যাবে ২৬ মে’র এবং ১৭ মে বিক্রি করা হবে ২৭ মে’র অগ্রিম টিকিট। ঈদ শেষে কর্মস্থলে ফেরার জন্য ২১ মে পাওয়া যাবে ৩১ মে’র টিকিট। পর্যায়ক্রমে ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের ফিরতি টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।
টিকিট ক্রয়ের ক্ষেত্রে রেলওয়ে কিছু বিশেষ নির্দেশনা জারি করেছে। একজন যাত্রী ঈদযাত্রা ও ফিরতি যাত্রার জন্য সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে অনলাইনে এই টিকিট ইস্যু করা হবে। তবে ঈদুল আজহার এই বিশেষ অগ্রিম ও ফিরতি টিকিট কোনোভাবেই রিফান্ড বা ফেরত দেওয়া যাবে না।
সাধারণ যাত্রীদের চাহিদার কথা বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বা আসনবিহীন টিকিট বিক্রি করা হবে। তবে এই সুবিধা কেবল সাধারণ শ্রেণির কোচের ক্ষেত্রে প্রযোজ্য হবে, উচ্চ শ্রেণির কোচে কোনো স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে না। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও সহজ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।








































