
নিহত মহাদেব ঘোষ। ছবি: সংগৃহীত
উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ফ্রান্সে পাড়ি জমানো ঝিনাইদহের তরুণ মহাদেব ঘোষের (২৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। প্যারিস বিজনেস স্কুলের এই এমবিএ শিক্ষার্থীর মরদেহ গত রবিবার (৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল থেকে উদ্ধার করা হয়।
নিহত মহাদেব ঘোষ ঝিনাইদহ জেলার কাটালাগাড়ি বাজার এলাকার বাসিন্দা। তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শ্যামল কুমার ঘোষ ও সাগরদীপা ঘোষ রায়ের সন্তান। প্যারিস বিজনেস স্কুলে এমবিএ প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন তিনি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কো-অর্ডিনেটর এমিলি। তিনি টেলিফোনের মাধ্যমে নিহতের পারিবারিক বন্ধু আশরাফ ইসলামকে এই মর্মান্তিক খবরটি জানান।
ঘটনার পর থেকেই তদন্তে নেমেছে ফরাসি পুলিশ। মৃত্যুর প্রকৃত কারণ এখনো অজানাই রয়ে গেছে। রহস্য উদঘাটনে মরদেহটি প্যারিসের একটি হাসপাতালে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
আগামী ১১ মে নাগাদ মহাদেবের ফরেনসিক রিপোর্ট পাওয়া যেতে পারে বলে জানা গেছে। সেই রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে।
ঝিনাইদহে মহাদেবের পরিবারে এখন মাতম চলছে। প্রিয় সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা-মা। এদিকে ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশিরাও এই মেধাবী শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।














































