মঙ্গলবার । মে ৫, ২০২৬
বিনোদন ডেস্ক বিনোদন ৫ মে ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ন
শেয়ার

যুক্তরাষ্ট্রপ্রবাসীকে বিয়ে করলেন চিত্রনায়িকা সুবাহ


Humyra Subah

স্বামীর সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়িকা হুমাইরা সুবাহ

জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বাংলাদেশের আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। দীর্ঘদিনের লুকোচুরি শেষে অবশেষে নিজের বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে ভক্তদের চমকে দিয়েছেন এই অভিনেত্রী।

সুবাহ জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে ব্যক্তিগত ব্যস্ততা এবং নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত থাকার কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। অনেকটা ঘরোয়াভাবেই তাদের বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়।

নায়িকার জীবনসঙ্গী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন, তবে তার আদি বাড়ি ঢাকাতেই। স্বামীর পরিচয় এখনই বিস্তারিত না জানালেও সুবাহর শেয়ার করা ছবিতে তাদের হাসোজ্জ্বল রসায়ন ভক্তদের নজর কেড়েছে।

নতুন জীবন নিয়ে উচ্ছ্বসিত সুবাহ জানান, বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সারা হলেও খুব শিগগিরই ধুমধাম করে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের। সেখানেই সবার উপস্থিতিতে উৎসব পালন করবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিনোদন অঙ্গনের সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি। নতুন জীবনের এই পথচলায় ভক্তরা তাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছেন।